
কক্সবাজারের চকরিয়ায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এক মাসে ২২৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সঙ্গে অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য দিলে তথ্যদাতাদের পরিচয় শতভাগ গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেসনোটে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় আগস্ট মাসজুড়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় এই অভিযান চালানো হয়।
ওসি মো. আরিফুর রহমান জানান, অভিযানে বিভিন্ন মামলার মোট ২২৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন পেশাদার ডাকাত, ৩ জন হত্যা মামলার আসামি, ২১ জন সিঁদেল চোর এবং ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছেন।
এছাড়া পুরোনো মামলার ২০ জন, বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২৩ জন এবং ১১৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর পাশাপাশি জিআর মামলায় ৫০ জন এবং সিআর মামলায় ৬৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৬৬৪ পিস ইয়াবা বড়ি, ২৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৪০০ গ্রাম গাঁজা।
অস্ত্রের মধ্যে দেশীয় তৈরি একটি এলজি, একটি একনলা বন্দুক এবং দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।
ওসি মো. আরিফুর রহমান জানান, অপরাধীর পরিচয় বিবেচনা না করে আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অপরাধপ্রবণতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে বর্তমানে প্রতিদিনই বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও সচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে।
নিরাপদ চকরিয়া গড়তে দলমত নির্বিশেষে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ওসি জানান, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে তথ্যদাতার নিরাপত্তা ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
‘মাদক নয়—সুন্দর ভবিষ্যৎ চাই’ এবং ‘অপরাধমুক্ত চকরিয়া গড়তে একসঙ্গে কাজ করি’ স্লোগানকে সামনে রেখে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
