
একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে চট্টগ্রামের আনোয়ারার শাহ মোহছেন আউলিয়া সড়কের সংস্কার কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে।
সড়কটির মহাল খান বাজার থেকে বন্দর সেন্টার পর্যন্ত অংশের বেহাল দশা নিয়ে আজ একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন তাৎক্ষণিক এই পদক্ষেপ নেন।
ইউএনও মো. মহিন উদ্দীন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামীকাল থেকে সংস্কার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক তথ্য তুলে ধরার জন্য তিনি একুশে পত্রিকাকে ধন্যবাদ জানান।
ইউএনওর এই আশ্বাসের পর দক্ষিণ চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর পুনরায় কাজ শুরুর প্রস্তুতি নিয়েছে।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ জানান, সংবাদটি সম্পর্কে তাঁরা অবগত আছেন। ইউএনওর তাগাদায় আগামীকাল থেকে কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।
এর আগে সড়কটির স্থায়ী জলাবদ্ধতা দূর করতে পাইপ বসানোর উদ্যোগ নিয়েছিল সওজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রেনেসাঁস এন্টারপ্রাইজ’।
কিন্তু স্থানীয় কিছু বাসিন্দার বাধার মুখে তখন সেই কাজ বন্ধ হয়ে যায়।
ফলে সামান্য বৃষ্টিতেই মহাল খান বাজার থেকে বন্দর সেন্টার পর্যন্ত অংশটি ডোবায় পরিণত হয়। এতে হাজারো গার্মেন্টস কর্মী ও সাধারণ মানুষের চলাচল চরম দুর্বিষহ হয়ে ওঠে।
এখন ইউএনওর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংস্কার কাজ শুরুর ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
