
চট্টগ্রামের খুলশীর ওয়্যারলেস এলাকায় গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেছেন ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা (৪২)। তাঁকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ওসির গাড়ি ভাঙচুর ও আহত হওয়ার ঘটনায় শনিবার একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলশী থানা পুলিশের দায়ের করা এই মামলায় বিহারী বগাকে প্রধান করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, শুক্রবার পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ আহতের ঘটনায় মামলাটি করা হয়েছে। তাঁকে হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বগাকে গ্রেপ্তার করতে ওয়্যারলেস কলোনির বাসায় যায় পুলিশ। এছাড়া পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে অপহরণ করে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় হওয়া মামলার ২ নম্বর আসামিও ছিলেন বগা।
অভিযানের খবর পেয়ে বগা ওসিকে ফোন করে পেটানোর হুমকি দেন এবং ওসির মাকে গালমন্দ করেন। এরপর বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে।
হামলায় ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এছাড়া ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। আত্মরক্ষার্থে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। বগার ওয়্যারলেস কলোনির বাসায় তল্লাশি চালিয়ে ভেতরে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, ওই সুড়ঙ্গপথ দিয়েই বগা পালিয়ে যান।
অন্যদিকে শুক্রবার দুপুরে বগা এক ভিডিও বার্তায় দাবি করেন, পুলিশ তাঁর কাছে টাকা চাওয়ায় তিনি ওসিকে গালাগালি করেছেন। ওসিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলের নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে দাবি করেন। কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও তিনি জানান।
বগা নগরীর ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। তাঁর ও ভাই রকির বিরুদ্ধে গত দুই বছর ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় পাহাড় কাটা, জমি দখল, মাদক ব্যবসাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
স্থানীয় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বগা। তবে গত ৮ জুন শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
