
বিগত ১৭ বছর উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর তা বন্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডীতে একটি গার্ডার সেতুর নির্মাণকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
১১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে।
সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, বর্তমান বিএনপি সরকার কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। সুন্দর কথা বলে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পটিয়ার প্রতিটি ইউনিয়নের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। উন্নয়নকাজও সবখানে সমানভাবে বণ্টন করে দেওয়া হয়েছে।
উন্নয়ন কোনো ব্যক্তির জন্য নয় বরং সবার কল্যাণের জন্য উল্লেখ করে তিনি এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
এছাড়া পটিয়া থানার ওসি (তদন্ত) যুযৎস যশ চাকমা, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান শফিকুল আলম সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল আলম ছোটন, জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু এবং উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু অংশ নেন।
পাশাপাশি উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, সাইফুদ্দীন আহমদ, মাহবুবুর রহমান, দিদারুল আলম সিকদার, মো. ইসমাইল ও মনজুর আলম উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদাপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে অলিরহাট জি.সি-বাথুয়া-টাঙ্গারপুল-কস্তুরীঘাট (আরএইচডি) সংযোগ সড়ক বা ছনহরা ইদ্রিস মিয়া সড়ক নামের ওই প্রকল্পের কাজ শুরু করা হয়।
