
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, শিক্ষার্থীরা স্কুল ছুটির আগে ও পরে কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
সন্তানদের প্রতি গভীর নজরদারি তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ ও ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে বলে তিনি জানান।
শিক্ষার্থীদের এসব প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার তাগিদ দিয়ে সংসদ সদস্য জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকলে তরুণ প্রজন্ম মাদক বা কিশোর গ্যাংয়ের মতো বিপথে যাবে না। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলে।
বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি ওমর ফারুক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাংবাদিক মোস্তফা কামরুল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী এবং লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, নাজিম উদ্দীন শাহীন, ফরিদ চেয়ারম্যান এবং লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
