রাউজানে ট্রাকের নিচে চাপা পড়ে ইউপি সদস্যের মৃত্যু


চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামের এক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রাখলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম টিটু উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বিনাজুরী ইউনিয়ন পরিষদের মেম্বার বা সদস্য ছিলেন।

তিনি বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলেঙ্গারা এলাকার অছি মিয়া সারাংয়ের বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে।

পেশায় তিনি একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন নুরুল ইসলাম টিটু।

এ সময় চট্টগ্রাম নগরমুখী ইটবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট ১১-০০৩৭) তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল শুরু করে।

নিহতের ছেলে মো. সামির জানান, বেপরোয়া এবং অতিরিক্ত বোঝাই ট্রাকের কারণে তাঁর বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।