বাসের ধাক্কায় নাতনির সামনেই ঝরল বৃদ্ধার প্রাণ


কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি এসি স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা মনি গুরুতর আহত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম খাতুন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাশুক আহমদের স্ত্রী। অন্যদিকে আহত শিশু ইস্পা মনির বাড়ি বরইতলী ইউনিয়নের শান্তি বাজার গ্রামে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইম্পেরিয়াল এক্সপ্রেস পরিবহনের একটি এসি স্লিপার বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল।

সকাল সাড়ে ৮টার দিকে বাসটি চকরিয়া উপজেলার বানিয়াছড়া এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়ক পার হতে যাওয়া মরিয়ম খাতুন ও তাঁর নাতনি ইস্পাকে বাসটি সজোরে ধাক্কা দেয়।

এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন।

তবে শিশু ইস্পার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।