
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মাহিন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহিন হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুল আলমের ছেলে এবং হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ ১৩-২৬২৫) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ শিক্ষার্থীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতালে নেওয়ার পথেই অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত মাহিনকে প্রথমে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুই দিন আগে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়।
