
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সদস্যদের অগোচরে সাঙ্গু নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের পূর্ব ডলু নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—মাহিয়া আক্তার (৬) ও তার ছোট ভাই মোহাম্মদ মাহিন (৫)। তারা ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলালের সন্তান।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ওই দুই শিশু সাঙ্গু নদীর মধ্য আমিলাইষ ঘাটঘর এলাকায় যায়।
নদীর পাড়ে খেলতে গিয়ে একপর্যায়ে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
স্থানীয় লোকজনও স্বজনদের সঙ্গে শিশুদের সন্ধানে যোগ দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনেরা দুই শিশুকে মৃত অবস্থায় পান। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং এতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
