
কক্সবাজারের পেকুয়ায় ভুল করে নিজের ওষুধের বদলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নুরুন নাহার (৬০) পেকুয়া পৌরসভার (সাবেক পেকুয়া সদর ইউনিয়ন) উত্তর গোঁয়াখালী এলাকার আমিনুল হকের স্ত্রী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর গোঁয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ নুরুন নাহার সকালে ভুলবশত নিজের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করেন।
বিষপানের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম নেওয়ার পথেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ওই নারী মারা গেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
