‘শারীরিক শক্তির পাশাপাশি ভালো মানুষ গড়তে শেখায় কারাতে’


কারাতে শুধু শারীরিকভাবে শক্তিশালী হতেই শেখায় না, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা জিমনেশিয়াম হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) এবং জেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বার্ষিক কারাতে ক্যাম্পের (২০২৬) সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ শাহেদ জানান, জাপান কারাতে শুধু একটি মার্শাল আর্ট নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি অনন্য অনুশীলন। তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তুলতে কারাতের ভূমিকার কথা তিনি তুলে ধরেন।

তিনি আরও উল্লেখ করেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারাতের মতো শৃঙ্খলাপূর্ণ অনুশীলনের সঙ্গে যুক্ত হলে তরুণেরা আরও দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ক্যাম্পের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে জেকেএ সদর দপ্তরের টেকনিক্যাল ডিরেক্টর ও অষ্টম ডানধারী শিহান কাতসুতোশি শিনা একটি বিশেষ কারাতে সেমিনার পরিচালনা করেন।

তাঁর সরাসরি নির্দেশনায় অংশগ্রহণকারী কারাতেকা ও প্রশিক্ষকেরা জাপানিজ শটোকান কারাতের বিভিন্ন উন্নত কৌশল, কাতা, কুমিতে ও কারাতে টেকনিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ক্রীড়া সংগঠক তানভির মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের কান্ট্রি হেড ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক টুলু উস শামস্।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রতন তালুকদার, মারিয়া চক্রবর্তী, অরূপ বড়ুয়া, জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু এবং নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া মো. নওশাদ, মঞ্জুর আলম, হাবিব উল্লাহ খান রাজু, মোর্শেদ কামাল, একরাম ছিদ্দিকী, মঈন উদ্দীন খান রাজিব, শফিউল বাশার সামু, আবু কাউসার, ফারুক খান, মাহবুব আলম, ফারুকসহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে আয়োজকদের (জেকেএ এবং জেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশ) পক্ষ থেকে প্রধান অতিথি মুহাম্মদ শাহেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।