রাউজানে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশের


তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের রাউজানে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাপ্তাই সড়কের গশ্চি নয়াহাট বাজারে আয়োজিত এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে এই আহ্বান জানান বক্তারা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে চুয়েট পুলিশ ক্যাম্প এই কর্মসূচির আয়োজন করে।

এদিন বিকেলে গশ্চি নয়াহাট বাজার থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাঈম ভূঁইয়া।

মাদককে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন এবং এসআই মো. আলম।

এছাড়া সমাবেশে বিএনপি নেতা মো. রফিক, আবদুর শুক্কুর, আমিন মেম্বার, মো. মুরাদ, হাসান মুরাদ, পারভেজ ও সাহাবুদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে মাহবুব মেম্বার, নূরনবী, রুবেল, আব্দুল্লাহ সুমন, ইলিয়াস সুমন, বাবলু তালুকদার, রনি, ইলিয়াস তালুকদার, সুভাষিশ, সোহেল এবং মুন্না তালুকদারসহ স্থানীয় অনেকেই এই মাদকবিরোধী সমাবেশে অংশ নেন।