
চট্টগ্রামের পটিয়ায় কাজ শেষে টমটমে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামের এক ডেকোরেশন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই ঘটনায় মো. ইসমাঈল (৬০) নামের আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ের দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব দে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দের ছেলে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি ট্রাক ভাইয়ের দিঘী এলাকায় পৌঁছালে একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়।
এতে টমটমটি দুমড়েমুচড়ে যায় এবং এর দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত সজীব দে ও মো. ইসমাঈলকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজীব দেকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী অভি দে জানান, তাঁর কাকা সজীব দে পেশায় একজন ডেকোরেশন কর্মী ছিলেন।
সোমবার হাইদগাঁও সাতগাউছিয়া দরবার এলাকায় কাজ শেষ করে টমটমে করে বাড়ি ফিরছিলেন তিনি। সজীব দের দুই ছেলে সন্তান রয়েছে বলেও তিনি জানান।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
