
কক্সবাজারের মহেশখালী উপজেলায় চুরির সময় ধাওয়া খেয়ে ঘরে ঢুকে শিল্পী রানী শীল নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে অজ্ঞাত এক চোর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোয়ানক কালাগাজির পাড়ার নাফিত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিল্পী রানী শীল ওই এলাকার বাসিন্দা রবি শীলের স্ত্রী।
স্থানীয় প্রতিবেশীরা জানান, সোমবার সন্ধ্যায় শোরগোল শুনে তাঁরা শিল্পী রানীর বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে মাটিতে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
শরীরের বেশ কয়েকটি জায়গায় ছুরির আঘাতের চিহ্ন দেখে এটি কোনো ঘাতকের কাজ বলে তাঁরা সন্দেহ করেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ধাওয়া খেয়ে এক চোর ওই বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেছে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসাইন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে শিল্পী রানীর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, চোরের ছুরিকাঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘাতককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
