সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন রাহাত আলী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ন


লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

তিনি জানান, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা—এই চারটি ইভেন্টে উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে।

প্রতিযোগিতায় হ্যান্ডবল ও দাবা বালক (সিনিয়র) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়।

হ্যান্ডবল মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে দাবা বালক (জুনিয়র) বিভাগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

এছাড়া কাবাডি বালক বিভাগে ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ এবং মহিলা বিভাগে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন খেতাব জিতেছে।