
বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তরুণ ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২৮) মারা গেছেন।
দুর্ঘটনার পর টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইমতিয়াজ লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার মোহাম্মদ লোকমান সওদাগরের দ্বিতীয় সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে বান্দরবান সরকারি কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ।
পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী শিশুতল এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাঁর মাথার খুলি ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, চিকিৎসকেরা তাঁর মাথার খুলি ও মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তর কলাউজানসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের চাচাতো ভাই অ্যাডভোকেট রিদুয়ানুল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই তাঁরা আশা করেছিলেন ইমতিয়াজ সুস্থ হয়ে ফিরবেন। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি, যা তাঁদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
