
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাঞ্চননগরে ফটিকছড়ি থানার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
সুধী সমাবেশে বক্তারা জানান, একটি পরিবারে মাদকের প্রবেশ শুধু একজন মানুষকে নয়, বরং পুরো পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।
মাদক, কিশোর অপরাধ ও সন্ত্রাস পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমাজের শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলে বলে উল্লেখ করেন তাঁরা।
তাই মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়।
বক্তারা আরও জানান, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত থাকবে।
পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সামাজিকভাবে ঘৃণা না করে তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে পুলিশ-জনতার সম্মিলিত অংশগ্রহণে একটি র্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
