সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক আটক


চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিরোধ মীমাংসার বৈঠকে কথা-কাটাকাটির জেরে হামিম (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক রোহান উদ্দিনকে (১৯) পালানোর সময় ধাওয়া করে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকার দোতলায় একটি চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর ফজরবরবাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

আটক হওয়া রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কেরানিহাট সিটি সেন্টারের ওই চায়ের দোকানে একটি বিরোধ মীমাংসার জন্য কয়েকজন জড়ো হয়েছিলেন। সেখানে হামিম ও রোহানের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে রোহান পেছন থেকে ছুরি বের করে হামিমের পেটে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় হামিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. মহিউদ্দিন জানান, বৈঠকে ছুরিকাঘাতের শিকার হয়ে তাঁর ভাগনের মৃত্যু হয়েছে এবং স্থানীয়রা ঘাতক রোহানকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তার কাছ থেকে তথ্য নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।