হাটহাজারীতে সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক


চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে ট্যাংক দুর্ঘটনায় দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে বুধবার সকালে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হন।

গুরুতর আহত ওই সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।