ফটিকছড়িতে মেহেদি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু


চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতিবেশীর বাড়িতে মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার জন্য টানা জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম নুর আয়েশা (৬০)। তিনি পূর্ব শাহনগর গ্রামের মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে বিয়ের মেহেদি অনুষ্ঠান চলছিল।

অনুষ্ঠানের সাজসজ্জার জন্য সেখানে বৈদ্যুতিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে নুর আয়েশা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।