নিয়ম ভেঙে একই ভবনে দুই সংস্থার বিদ্যুৎ, কর্মীদের মরণফাঁদ


চট্টগ্রামের হাটহাজারীতে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো বা পিডিবি) সমান্তরাল লাইন ও একই ভবনে দুই সংস্থার সংযোগে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করেছে।

সরকারি পরিপত্র অনুযায়ী স্ব স্ব ভৌগোলিক সীমানায় বিদ্যুৎ সরবরাহের নিয়ম থাকলেও পিডিবি সেটি মানছে না বলে অভিযোগ উঠেছে।

এমনকি পবিসের খুঁটি ব্যবহার করে পিডিবি নতুন সংযোগ দিচ্ছে, যা মেরামতকারী কর্মীদের জীবনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।

বিদ্যুৎ সেবা সহজলভ্য করতে আশির দশকের শেষ দিকে পিডিবি থেকে আলাদা করে পবিস গঠন করা হয়। দীর্ঘসময় ধরে দুই সংস্থা আলাদা ভৌগোলিক এলাকায় সেবা দিলেও সম্প্রতি হাটহাজারী পৌরসভার ফটিকা, ভবানীপুর এবং ফতেপুর ইউনিয়নের পশ্চিম পাশে পবিসের লাইনের সমান্তরালে লাইন বসাচ্ছে বিউবো।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দক্ষিণ ক্যাম্পাসে নির্মাণাধীন নতুন ভবন এবং স্থানীয় বাশার ম্যানসনে পবিসের খুঁটি ব্যবহার করে সংযোগ দিচ্ছে পিডিবি।

নুর ফাতেমা ভিলায় পবিসের আটটি মিটার থাকার পরও সংস্থাটির খুঁটি ব্যবহার করে ছয়টি ডুপ্লেক্স তারের মাধ্যমে পিডিবি আরও চারটি নতুন মিটার বসিয়েছে।

শ্যামল ছায়া ভবনে পবিসের চারটি ও নিরিবিলি ভবনে পাঁচটি মিটার থাকার পরও পিডিবি নতুন করে একটি করে মিটারের সংযোগ দিয়েছে।

দুই সংস্থার লোডশেডিংয়ের সময় ভিন্ন হওয়ায় এক লাইনে কাজ করার সময় অন্য লাইন সচল থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিভ্রান্তির জেরে বিদ্যুৎকর্মীরা সাধারণ মানুষের হামলার শিকার হতে পারেন বলেও শঙ্কা রয়েছে।

হাটহাজারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল বাশার ভূঞা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বিতরণ সংস্থাগুলোকে নিজ নিজ ভৌগোলিক সীমানায় থাকতে বলা হয়েছে।

তিনি জানান, সরকারের এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে রুদ্র পল্লী রোডে অবস্থিত হাজী আমিন ম্যানসন থেকে এম এম ম্যানসন বা ইকরা তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা পর্যন্ত বিভিন্ন স্থানে পিডিবির সমান্তরাল লাইন নির্মাণ বন্ধ রাখতে গত ৩১ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর বিউবো হাটহাজারীর নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিউবো হাটহাজারীর নির্বাহী প্রকৌশলী মো. মাইনুদ্দিন জুয়েল জানান, বিউবো নিজে উদ্যোগী হয়ে পবিসের সীমানায় বিদ্যুৎ সরবরাহ করে না।

গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই একই ভবনে পবিসের খুঁটি ব্যবহার করে পিডিবির সংযোগ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে সমান্তরাল লাইনের কারণে বিদ্যুৎকর্মীদের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনিও একমত প্রকাশ করেছেন।