
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলে ‘PRESS Daily Bangladesh Observer’ স্টিকার লাগিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা পাচারের সময় তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর হাতে ধরা পড়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা থানাধীন সৈয়দ কুচাইয়ার মোড় এলাকার আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে থেকে ওই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গী খালী এলাকার আবদুর রহমানের ছেলে।
অভিযানে নুরুল আলমের কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র্যাব।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছেন।
এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
তল্লাশিকালে একটি মোটরসাইকেলের সামনের শেডে ইংরেজিতে লেখা ওই স্টিকার দেখে র্যাবের সন্দেহ হয়। এরপর মোটরসাইকেলটি থামিয়ে চালক নুরুল আলমকে আটক করা হয়।
পরে মোটরসাইকেলের হাফ চেসিস এবং চেসিস বক্সের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গ্রেপ্তারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত মোটরসাইকেলটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
