
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীকে দুই মামলায় জামিন দিয়েছেন আদালত।
মামলার বাদীদের অনাপত্তিপত্র ও আপসনামা দাখিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক তাঁর জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক জানান, গত ৩০ আগস্ট রাতে চকরিয়া মহিলা কলেজের পাশে সায়মা প্লাজা মার্কেটের একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ।
পরদিন সোমবার দুপুরে আদালতে পাঠানোর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
টানা ১০ দিন চিকিৎসার পর বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে চকরিয়া আদালতে বা চকরিয়া চৌকি আদালতে সোপর্দ করা হয়। তবে আদালতের কার্যক্রম শেষ হওয়ায় তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
আলমগীর চৌধুরীর ভাই বিটু দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া তিনটি মামলায় তাঁর ভাই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, উচ্চ আদালতের জামিন থাকলেও নিম্ন আদালতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে স্থায়ী জামিন নেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
আসামিপক্ষের আরেক আইনজীবী চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল কবির জানান, ৩১ আগস্ট আলমগীর চৌধুরীকে বিশেষ ক্ষমতা আইন ও মিজানুর রহমান হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়, যদিও তিনি এসব মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। এটি রাজনৈতিক হয়রানি বলে তিনি দাবি করেন।
এছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও তিনি অভিযুক্ত ছিলেন।
তবে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফয়জুল কবির নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার জামিন শুনানিকালে দুই মামলার বাদীই আদালতে উপস্থিত হয়ে ‘ঘটনায় জড়িত নেই’ এবং ‘জামিন দিতে কোনো অভিযোগ নেই’ মর্মে অনাপত্তিপত্র জমা দিয়েছেন। এর ভিত্তিতেই তিনি জামিন পান।
প্রসঙ্গগত, ২০১৬ সালের ২০ মার্চ এবং ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের মনোনয়নে টানা দুবার চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন আলমগীর চৌধুরী।
