
শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এহেছানুল হক।
দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট মোহাম্মদ এহেছানুল হক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ ও তাদের প্রত্যাশার বিষয়ে জানতে চান তিনি।
একই সঙ্গে শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ের বর্তমান অবস্থা, শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রম করতে হবে।
শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন এই সভাপতি।
মতবিনিময়কালে শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ এহেছানুল হক বিদ্যালয়ের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, বিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার কামাল, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হোসেন, অভিভাবক সদস্য ফেরদৌস আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পাওয়ার পর সভাপতির এ পরিদর্শন ও সরাসরি মতবিনিময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
