সাতকানিয়ায় ওভারটেকিংয়ের ভুলে মহাসড়কে ঝরল প্রাণ


চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. সোহাগ মিঞা (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় সুমন মিঞা নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিঞা হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। তবে আহত সুমন মিঞার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন।

মৌলভীর দোকান এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় তাঁদের মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের চালক সোহাগ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত সুমন মিঞাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও জানান, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।