
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের অনেক কিছু শেখার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে অনেক সহজ করে দিচ্ছে। তাই বর্তমান সময়ের এই সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাউজানের কদলপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মরহুম এসকান্দর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ মুসলিম চৌধুরী আরও বলেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে তারা সবসময় মেধাবীদের পাশে আছেন।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ডিজিএম কামরুল ইসলাম চৌধুরী এবং সিকদার পাড়া সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির জাবের হোসাইন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম হোসেন চৌধুরী। এ সময় কো-চেয়ারম্যান এনাম হোসেন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
