
খাগড়াছড়ির মানিকছড়িতে চায়ের দোকানের চুলা থেকে সৃষ্ট আগুনে একটি ওষুধের গুদামসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ময়ূরখীল বা ধর্মঘর এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে প্রায় ৭০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে আতুসে মারমার ওষুধের গুদাম ও দোকান, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার চায়ের দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান সেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
ফায়ার সার্ভিস আসার আগেই দোকানগুলোর ওষুধ, সার-কীটনাশক ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন।
