ডেঙ্গু রোধে হাটহাজারীতে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান


অংশীদারি পুকুরে বিরোধ ও সমন্বয়হীনতার কারণে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে সৃষ্ট মশার প্রজননকেন্দ্রগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কারের তাগিদ দিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

ডেঙ্গু সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এবং সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনসিসি, স্কাউট, গার্ল গাইড, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভা শেষে উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

কর্মসূচির আওতায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ পরিষ্কার করা হয়। এছাড়া মির্জাপুর গৌতম আশ্রম বিহার ও পালি কলেজ চত্বরেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

সভায় হাটবাজারের ময়লা ফেলার স্থান এবং বিভিন্ন পুকুর-ডোবা জরুরি ভিত্তিতে পরিষ্কার করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া উপজেলার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

তাঁর ঘোষণার ধারাবাহিকতায় হাটহাজারীতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্পৃক্ত করে এই বিস্তারিত পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়।