
চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়ক সংলগ্ন একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই মরদেহটি দেখতে পান।
খবর পেয়ে গাউছিয়া মানবিক সেবা, পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পরে পটিয়া থানার এসআই মো. ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মরদেহের পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
