প্রশাসন শাসকের বদলে জনগণের সেবক হিসেবে কাজ করবে: ভূমি প্রতিমন্ত্রী


বর্তমান নির্বাচিত সরকার প্রশাসনকে শাসকের ভূমিকায় নয়, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারদের এক সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

সভায় প্রতিমন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন মীর হেলাল।

সফলভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক, এই কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি আরও জানান, মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক।

সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।