বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: এমপি এনাম


বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি জানান, অটোপাসের সুযোগ আর নেই, এখন পড়াশোনা করেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২৫ কোটি চারা গাছ রোপণের অংশ হিসেবে ওই বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম আরও জানান, শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে তিনি অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ অভিযানে প্রথম দফায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ৫০০টি চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

সভাপতির বক্তব্যে তিনি জানান, সরকার শিক্ষার গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আগামীতে দেশকে নেতৃত্ব দিতে হলে বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক ও সচিব অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম এবং এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলম।

এছাড়া পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ আকতার ও শিক্ষক নুরুল আমিন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং ৫০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।