একুশে পত্রিকায় সংবাদ: চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ শুরু


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মে) থেকে পানি নিষ্কাশনের জন্য অস্থায়ী কাঁচা ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।

গত ২৭ এপ্রিল একুশে পত্রিকায় “৫৮৪ কোটির প্রকল্পে স্থবিরতা: চাতরী চৌমুহনীতে সামান্য বৃষ্টিতেই ‘কৃত্রিম বন্যা’” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। একই দিন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন।

এরপর শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার উপস্থিতিতে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। দীর্ঘদিনের জমা পানি অপসারণে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

ইউএনও মহিন উদ্দীন বলেন, “একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। গত বৃহস্পতিবার আমি নিজে এলাকাটি পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছি।”

তিনি বলেন, “বর্তমানে কাঁচা ড্রেন নির্মাণের মাধ্যমে পানি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে এটি সাময়িক ব্যবস্থা। শিগগিরই ৪০০ মিটারের একটি স্থায়ী ড্রেন নির্মাণের কাজ শুরু হবে।”

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পটিয়া সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) আব্দুল্লাহ আল নোমান পারভেজ বলেন, “সংবাদ প্রকাশের পর ইউএনও মহোদয়ের সঙ্গে আমাদের এবং সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধির বৈঠক হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে। আশা করছি, ড্রেন নির্মাণ সম্পন্ন হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।”

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তাহের অ্যান্ড ব্রাদার্স’-এর প্রকৌশলী মুন্না বলেন, “ইউএনও মহোদয়ের কঠোর নির্দেশনা অনুযায়ী জনভোগান্তি লাঘবে জনসমাগম এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করেছি।”

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একুশে পত্রিকায় “৫৮৪ কোটির প্রকল্পে স্থবিরতা: চাতরী চৌমুহনীতে সামান্য বৃষ্টিতেই ‘কৃত্রিম বন্যা’” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম এই মোড়ে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যেত। এতে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এখন সেই অচলাবস্থা কাটতে শুরু করেছে।