
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিগুলোতে স্বাক্ষর করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া।
স্থগিত হওয়া পরীক্ষা দুটির মধ্যে রয়েছে ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাইয়ের (বৃহস্পতিবার) প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষাটি আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
একই কারণে ২০২৪ সালের ডিগ্রি ৩য় বর্ষের ১৬ জুলাইয়ের ইংরেজি আবশ্যিক পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে এবং তা আগামী ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এর আগে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল।
কিন্তু সে সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলছিল।
এই প্রেক্ষাপটে গত ১১ জুলাই একুশে পত্রিকার অনলাইন সংস্করণে ‘বন্যায় ডুবে গেল পরীক্ষার স্বপ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয় নীরব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরবর্তীতে সোমবার পত্রিকার প্রিন্ট সংস্করণেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
ওই প্রতিবেদনে চট্টগ্রামসহ বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পারা, চরম ভোগান্তি এবং পরীক্ষা স্থগিতের দাবির বিষয়টি বিশদভাবে উঠে আসে।
এর পরপরই সর্বশেষ বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৬ জুলাইয়ের পরীক্ষা দুটি স্থগিতের এই নতুন সিদ্ধান্ত জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
