সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রেকর্ড ভেঙে ‘ফাস্ট’ হতে চান সালাহউদ্দিন

কোনাখালী থেকে গণসংযোগ শুরু, উপকূলীয় জনপদে মানুষের ঢল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জানুয়ারী ২০২৬ | ৭:৩২ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চকরিয়া উপকূলীয় অঞ্চলের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন তিনি। সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

প্রচারণার শুরুতে কোনাখালীবাসীর কাছে দোয়া চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফাস্ট হই। কিন্তু এবার এমনভাবে ফাস্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন। সেইজন্য আজ সেই কোনাখালী দিয়েই আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।”

তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া ও সিকদারপাড়ায় গণসংযোগ করেন। এছাড়া কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে পথসভায় ধানের শীষে ভোট চান এবং নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে তিনি বিএমচর ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম, সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম। ইনশাআল্লাহ আগামীতেও চকরিয়া-পেকুয়াবাসীর পাশে থাকব। একজন খাদেম হিসেবে কাজ করা আমার রাজনৈতিক অঙ্গীকার। আপনাদের সন্তান ও আপনজন হিসেবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন বলে আমি বিশ্বাস করি।”

দলীয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে তিনি চকরিয়া-পেকুয়া উপজেলা এবং চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। প্রচারণাকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা তার সঙ্গে ছিলেন।