
শিশুদের কাছে বিক্রির উদ্দেশ্যে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার আধুনগর ইউনিয়নের আধুনগর বাজারে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের ওই কারখানায় এই অভিযান চালানো হয়।
জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে কারখানার মালিক মো. আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ আদায়ের পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এছাড়া কারখানায় মজুত ও উৎপাদিত সব আইসক্রিম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স মা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে আইসক্রিম উৎপাদন করে আসছিল। এসব আইসক্রিম উপজেলার বিভিন্ন দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্রি করা হতো।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এই অভিযানে লোহাগাড়া থানার এএসআই মাহবুব সারোয়ারের নেতৃত্বে থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।