
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ভিন্ন মেজাজে দেখা গেল কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে। কখনো লবণ চাষিদের আবদারে তাদের সঙ্গে সেলফি তুললেন, আবার কখনো শিশুদের সঙ্গে মেতে উঠলেন ঘুড়ি ওড়ানোয়। তবে এই গণসংযোগের ফাঁকে পথসভায় তিনি রাজনৈতিক হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেছেন, দেশে একটি শক্তি বিদেশিদের গোলামি করার জন্য রাষ্ট্রক্ষমতায় যেতে চাইছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পেকুয়া উপজেলার উপকূলীয় জনপদ মগনামা ইউনিয়নে গণসংযোগ এবং বেলা ১১টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে পথসভায় অংশ নেন তিনি।
প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার সকাল আটটার দিকে পেকুয়া সদর থেকে মগনামা ইউনিয়নে যান সালাহউদ্দিন আহমদ। সেখানে লবণের মাঠে শ্রমিকদের কাজ করতে দেখে তিনি গাড়ি থেকে নেমে মাঠে চলে যান। এ সময় তিনি চাষিদের খোঁজখবর নেন। একপর্যায়ে চাষিরা তার সঙ্গে ছবি তোলার আবদার করলে সালাহউদ্দিন নিজেই মোবাইল হাতে নিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন।
লবণের মাঠ থেকে ফেরার পথে শিশুদের ঘুড়ি ওড়াতে দেখে আবারও থেমে যান তিনি। শিশুদের সঙ্গে নিয়ে নিজেও ঘুড়ি ওড়ান। এ সময় শিশুরা ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম’ বলে স্লোগান দিলে তিনি হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
মগনামা ইউনিয়নের বাসিন্দা ও লবণ চাষি আমির হামজা বলেন, অনেক বছর পর এলাকার সন্তান সালাহউদ্দিন আহমদকে আমরা কাছে পেয়েছি। তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা হয়েও যেভাবে আমাদের সঙ্গে মিশে গেছেন, তা ভাবা যায় না। আমরা তাকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাব, যাতে আমাদের ভাগ্যন্নয়ন হয়।
এরপর ফেরার পথে তিনি গ্রামের একটি হতদরিদ্র পরিবারের বাড়িতে ঢুকে পড়েন। বাড়ির উঠানে বসে তিনি পানি পান করেন এবং পরিবারের নারী-পুরুষ সদস্যদের সঙ্গে তাদের সুখ-দুঃখের আলাপ করেন।
পরে বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি বলেন, দেশে একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। যারা ভারতের পক্ষে, তারা ভারতে পালিয়ে গেছে। এখন আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করার জন্য রাষ্ট্রক্ষমতায় যেতে চাইছে।
বিএনপিকে দেশের একমাত্র ‘দেশপ্রেমিক শক্তি’ দাবি করে তিনি বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদী শক্তি ফিরে না আসে, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার পরিণতি একই হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।