সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় ভারত বিমুখ বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত, ‘সি’ গ্রুপে লড়বে স্কটিশরা
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ জানুয়ারী ২০২৬ | ৬:২৯ অপরাহ্ন


নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের জায়গায় স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ ও ইএসপিএন-ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবাইয়ের আইসিসি সদর দপ্তর থেকে এডিনবরায় স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বোর্ড সদস্যদের পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না।

এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যে কারণে সরে দাঁড়াল বাংলাদেশ

গত ৩ জানুয়ারি ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ঘটনার পর একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার যুক্তি দেখিয়ে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিসিবি।

বাংলাদেশ দাবি জানিয়েছিল, টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় যেন বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তর করা হয়। কিন্তু গত বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্য দেশ ভেন্যু না বদলানোর পক্ষে মত দেয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে।

এরপর সরকারের সঙ্গে আলোচনার জন্য আইসিসির কাছ থেকে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু সরকারের পক্ষ থেকে ভারতে দল পাঠানোর অনুমতি মেলেনি। ফলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোই চূড়ান্ত পরিণতি হয়ে দাঁড়ায়।

স্কটল্যান্ডের সূচি

বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দেশ হিসেবে স্কটল্যান্ড এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে।

সূচি অনুযায়ী, স্কটল্যান্ড ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।