সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

২১ বছর পর পলোগ্রাউন্ডে তারেক রহমান, ভোরেই জনসমুদ্রে রূপ নিল মাঠ

‘আই হ্যাভ আ প্ল্যান’—দলীয় প্রধানের সেই পরিকল্পনা শুনতে ফজর পড়েই মাঠে হাজারো জনতা
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ জানুয়ারী ২০২৬ | ৯:৫৩ পূর্বাহ্ন


ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর দলীয় প্রধান তারেক রহমানকে একনজর দেখতে এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে রবিবার (২৫ জানুয়ারি) ভোর থেকেই জনস্রোত নামতে শুরু করেছে সমাবেশস্থলে।

বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। এর আগে সকালে তিনি তরুণদের সঙ্গে এক ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, রবিবার সকাল থেকেই চট্টগ্রাম মহানগর এবং আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পলোগ্রাউন্ড এলাকা। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হকাররা পতাকা, ব্যাজ আর মাফলার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দীর্ঘ দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার সময় তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। সেই পরিকল্পনা শুনতেই সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই।

পলোগ্রাউন্ড মাঠে কথা হয় নুরু নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, তারেক রহমানকে দেখতে ফজর নামাজ পড়েই মাঠে চলে এসেছি। তিনি দেশে আসার পর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ লোকজনও খুশি। আশা করি, তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং দেশের জন্য তার পরিকল্পনার কথা জানাবেন।

কক্সবাজারের চকরিয়া থেকে আসা আবসার বলেন, ১৭ বছর পর লিডার দেশে এসেছেন। তাকে দেখতেই মূলত ভোরে মাঠে চলে এসেছি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিচ্ছেন। সমাবেশের মাধ্যমে নির্বাচনী মাঠে শক্ত বার্তা যাবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় নতুন গতি সঞ্চার হবে।

নিরাপত্তার চাদরে পলোগ্রাউন্ড

মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় দুই হাজার পুলিশ সদস্য সমাবেশস্থলে মোতায়েন রয়েছেন। মঞ্চসহ পুরো এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে।

মঞ্চকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ‘ইয়েলো জোন’, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। আর পুরো মাঠকে রাখা হয়েছে সাধারণের জন্য ‘গ্রিন জোন’ হিসেবে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করেছিলেন। তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে তিনি চট্টগ্রাম সফর করছেন। পলোগ্রাউন্ডে সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তারেক রহমানের।