সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পলোগ্রাউন্ডে ‘নজিরবিহীন’ সমাবেশ: চট্টগ্রামবাসী ও প্রশাসনের প্রতি মেয়র শাহাদাতের কৃতজ্ঞতা

২১ বছর পর তারেক রহমানের আগমনে জনসমুদ্র, শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ জানুয়ারী ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ন


দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানের মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের নেতা তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে, তাতে চট্টগ্রাম মহানগরী আজ এক জনসমুদ্রে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগম প্রমাণ করেছে, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে কতটা ঐক্যবদ্ধ।

সমাবেশে অংশ নেওয়া জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, ছাত্র-শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধাদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অংশগ্রহণ সমাবেশকে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বিশাল এই কর্মযজ্ঞ ও জনসমাগম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহায়তা করায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও ট্রাফিক বিভাগের ভূমিকার প্রশংসা করেন মেয়র। একইসঙ্গে বিদ্যুৎ ও রেলওয়ে বিভাগসহ অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাবেশের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, তা চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার আগামী দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।