
আদালতের নির্দেশে চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়ে দীর্ঘ ১ বছর ৫ মাস পর এলাকায় ফিরেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস চৌধুরী। বুধবার (২৮ জানুয়ারি) বিশাল শোডাউন ও গণসংবর্ধনার মাধ্যমে এলাকায় ফিরেই তিনি আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ায় পদ ফিরে পাওয়ার পর বুধবার তিনি এলাকায় ফিরলে পেকুয়া-চকরিয়া সীমান্ত থেকে গাড়িবহর নিয়ে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে বরণ করে মগনামায় নিয়ে যান।
পরে মগনামা ফুলতলা স্টেশন এলাকায় তাকে বরণ করতে আসা জনতার উদ্দেশে ইউনুস চৌধুরী বলেন, “আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। কিন্তু একটি মিথ্যা মামলায় আসামি হয়ে গত এক বছর পাঁচ মাস আমি আপনাদের সেবা করতে পারিনি। আদালতের নির্দেশে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।”
এলাকার উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সাবেক এই প্রতিমন্ত্রীর অবদানের কথা স্মরণ করে ইউনুস চৌধুরী বলেন, “২০০৩ সালে সালাহউদ্দিন আহমদের বদান্যতায় মগনামা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সাবমেরিন নৌঘাঁটি স্থাপনসহ গ্রামীণ সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু তার অনুপস্থিতিতে মগনামায় কার্যত কোনো উন্নয়ন হয়নি এবং জনগণের জানমালের নিরাপত্তা ছিল না।”
মগনামার মানুষের নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে সালাহউদ্দিন আহমদকে ‘যোগ্য অভিভাবক’ উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান ইউনুস।
এ সময় তার সঙ্গে মগনামা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।