
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রামের বাড়ি সাতকানিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন মো. আবুল কালাম (৬৪) নামে এক ব্যক্তি। নিখোঁজের ১২ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পুলিশ।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকার বাসা থেকে সাতকানিয়ার খাগরিয়ার মুন্সী বাড়ির উদ্দেশ্যে রওনা হন আবুল কালাম। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৮২০১০৭০৫০) বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি উচ্চ ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই ঘটনায় গত ২০ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মেয়ে পারভিন সুলতানা।
জিডির তদন্তকারী কর্মকর্তা (আইও) ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, নিখোঁজ আবুল কালামের ব্যবহৃত মোবাইল নম্বরের সিডিআর (কল ডিটেইল রেকর্ড) বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি গত ১৩ জানুয়ারি সর্বশেষ কথা বলেছিলেন। সে সময় তিনি নিজের বাড়িতেই অবস্থান করছিলেন। তবে এরপর থেকে তার মোবাইল দিয়ে কোনো কল আদান-প্রদান হয়নি এবং ১৩ জানুয়ারির পর থেকে সিডিআরে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
এসআই সাইফুল ইসলাম খান আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে, তবে সেগুলোতেও তাকে দেখা যায়নি। আবুল কালামের ছবি ও তথ্য দিয়ে ইতিমধ্যে অন্যান্য থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।
নিখোঁজ ব্যক্তির স্বজনরা জানান, বর্তমানে তার কোনো হদিস না পেয়ে পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮৪৮-৪৬৯২৬৩ অথবা ০১৮৬৭-৪১৫৫৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।