সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাফপ্যান্ট পরা ডাকাতের ভিডিও ভাইরাল, বোয়ালখালীতে দম্পতিকে কুপিয়ে জখম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৯ জানুয়ারী ২০২৬ | ৯:২৪ অপরাহ্ন


পরনে হাফপ্যান্ট, মুখে কাপড় বাঁধা, আর হাতে ধারালো কিরিচ—এমন বেশে মধ্যরাতে গৃহস্থের ঘরে হানা দেয় ডাকাত দল। ছাদের দরজা দিয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করে পরিবারের সদস্যদের। তবে বাড়ির লোকজনের চিৎকারে মালামাল নিতে না পারলেও গৃহকর্তা ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে পালিয়েছে তারা।

গত বুধবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের কোপাদিয়া এলাকায় আবুল হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরা তিনজন সশস্ত্র ডাকাত কৌশলে আবুল হাশেমের ঘরে প্রবেশ করে। এ সময় হাশেম ও তার পরিবারের সদস্যরা ঘুমে ছিলেন। ডাকাতরা হাশেমকে ঘুম থেকে তুলে কিরিচ দিয়ে কোপানোর ভয় দেখায়। ধস্তাধস্তির শব্দে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন।

চিৎকার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ডাকাতরা আবুল হাশেম ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে। এরই মধ্যে আশপাশের লোকজন এগিয়ে আসার শব্দ পেয়ে ডাকাত দল যে পথে এসেছিল, সেই ছাদের দরজা দিয়েই দ্রুত পালিয়ে যায়। ফলে তারা কোনো মালামাল লুট করতে পারেনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ডাকাত দল বাসার ছাদের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছিল। পরিবারের সদস্যরা চিৎকার করায় গৃহকর্তা ও তার স্ত্রীকে আহত করে তারা পালিয়ে যায়। তবে কোনো মালামাল নিতে পারেনি।”

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।