সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের, আটক ‘সেভেন রিং’র ট্রাক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ৩:০২ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুহিম উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার প্রবাসী নাছির উদ্দিন গুরা মিয়ার ছেলে। তিনি আমিরাবাদ স্টেশনের ‘আইস পার্ক’ মার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চুহিম আমিরাবাদ স্টেশন থেকে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ডায়াবেটিক হাসপাতালের সামনে পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘সেভেন রিং’ সিমেন্ট কোম্পানির একটি মিক্সার ট্রাক তাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথা থেঁতলে গিয়ে মগজ বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে গেছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের চাচাতো ভাই সোহেল খান জানান, তানজিনা নামের এক নারীর কাপড়ের দোকানে কাজ করতেন চুহিম। দুপুরের দিকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন। স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”