
চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে উপজেলার চাম্বল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. সেকান্দার (৪০) ও মো. ফারহাদুল ইসলাম।
বাঁশখালী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন যে, চাম্বল বাজার এলাকায় মাদক কারবারি মো. সেকান্দার ও মো. ফারহাদুল ইসলাম অবস্থান করছেন এবং মাদক লেনদেনের প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৪৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং নগদ ২ হাজার ৫৫ টাকা জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।