সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘প্রতিহিংসা করে চেয়ারম্যানদের ছাঁটাই করেছে, এখন ভোট চাইছে’

চকরিয়া-পেকুয়ায় প্রতিহিংসার রাজনীতি চলবে না: ফারুক
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ১০:১৩ অপরাহ্ন


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চকরিয়া-পেকুয়া উপজেলার বেশিরভাগ ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে গণহারে ছাঁটাই করা হয়েছে। ফলে এলাকায় জনপ্রতিনিধি না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি স্টেশনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তরুণ এই রাজনীতিবিদ বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। অথচ তারা প্রতিহিংসার মাধ্যমে ভিন্নমতের রাজনীতি করেছে। গণহারে চেয়ারম্যানদের ছাঁটাই করে দিয়েছে। এখন তারাই আবার জনগণের অনুকম্পা পেতে এবং ভোট পেতে মিনতি করছে।”

অতীতের জনপ্রতিনিধিদের সমালোচনা করে আব্দুল্লাহ আল ফারুক বলেন, কাকারা ও সুরাজপুর-মানিকপুরসহ চকরিয়া উপজেলার বিভিন্ন অঞ্চল কৃষিনির্ভর জনপদ। এখানকার জমিতে কৃষকরা প্রতিবছর শতকোটি টাকার বেশি ফসল উৎপাদন করেন। অথচ অতীতের কোনো এমপি-মন্ত্রী চকরিয়া-পেকুয়ার কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং হাজার হাজার কৃষকের স্বার্থসংশ্লিষ্ট টেকসই কোনো পদক্ষেপ নেননি।

কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে চকরিয়া-পেকুয়ার কৃষকের জন্য একটি আধুনিক মানের হিমাগার স্থাপন করব। যাতে কৃষকরা জমিতে উৎপাদিত পণ্য নিরাপদে সংরক্ষণ করে সারা বছর বিক্রি করতে পারেন, ফসলের ন্যায্যমূল্য পান এবং উৎপাদনে উৎসাহিত হন।”

কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মিনহাজ উদ্দিন এবং পৌরসভার দায়িত্বশীল মোহাম্মদ আয়ুব প্রমুখ।

পথসভায় বক্তারা চকরিয়া-পেকুয়ার উন্নয়ন, কৃষকদের স্বার্থরক্ষা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করার আহ্বান জানান।