সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে ম্যারাথনে অংশ নিলেন দেশের নানা প্রান্তের দৌড়বিদ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২৬ | ৭:১৯ অপরাহ্ন


সুস্থ শরীর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ‘রান ফর ক্লিন রিভার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ জন যুবক।

সকাল ৭টায় উপজেলার ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ম্যারাথনটি শুরু হয়। এরপর প্রতিযোগীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লাম্বুরহাট কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে দৌড় শেষ করেন।

ইউলিসিস ট্রাভেল অ্যান্ড স্পোর্টস আয়োজিত এই ইভেন্ট শেষে কর্ণফুলীর পাড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিজানুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপ-পরিচালক (জনসংযোগ) মো. ফজলুল রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন, আমির হামজা এবং চুয়েটের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জুলহাজ উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ব্যাংকার আয়ুব খান ও চুয়েট কর্মকর্তা নুর উদ্দিন।

বক্তারা বলেন, নদী রক্ষা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।