সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এ দেশের মানুষ সেটি চায় না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে।”

নির্বাচনী প্রচারণার নবম দিনে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার উপকূলীয় মাতামুহুরী সাংগঠনিক থানার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এ দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বেই পুনরুদ্ধার করা হয়েছে।” ছাত্র-গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট দিতে হবে।”

দলীয় পরিকল্পনার কথা তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “আমরা অবাস্তব কিছু বলছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে—আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাত সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই। এটাই আমাদের পরিকল্পনা।”

প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, “অন্যান্য দল যারা মাঠে রয়েছে, এ দেশের মানুষের জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। তারা দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত। অথচ পরিবেশ রক্ষায় আমাদের বৃক্ষরোপণ, খাল খনন এবং প্লাস্টিকের দূষণ কমানোর মতো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।” তিনি আশ্বাস দেন, বিগত সময়ে দেশে যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে তা শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে।

পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।