সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পাহাড় ও ফসলি জমি রক্ষায় কঠোর রাউজান প্রশাসন, ৬ স্থানে অভিযান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটা এবং ফসলি জমি ভরাটের দায়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন (এক্সকাভেটর) জব্দ করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রাউজানের বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিনভর উপজেলার সদর ইউনিয়ন, বিনাজুরী ইউনিয়ন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরীসহ পৃথক ৬টি স্থানে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, “যারা পাহাড় ও কৃষি জমি কেটে মাটি বিক্রি করছে এবং চাষযোগ্য ফসলি জমি উজাড় করে ফেলছে, তাদের বিরুদ্ধে আজ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। ৬টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে ৪টি স্থান থেকে মাটি কর্তনরত অবস্থায় ৪টি ভেকু জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।