
চট্টগ্রামের পটিয়ায় এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শেভরণ ক্লিনিক্যাল ল্যাব ও হসপিটালের চেয়ারম্যান এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) ডা. ফরিদুল আলম।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসার হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “আগামীর যে বাংলাদেশ হবে, সেটি হবে সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সৎ ও যোগ্য নেতৃত্ব উঠে না আসার কারণে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।”
তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করে দেওয়া হয়েছিল। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। বাস্তবতার নিরিখে কারিগরি শিক্ষা থেকে শুরু করে সকল আধুনিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি ইসলামী শিক্ষাও অর্জন করতে হবে আমাদের।” আগামীর নতুন বাংলাদেশ গড়তে এখন থেকেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একর্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মোজাফফর আহমদ, রাজনীতিবিদ আনোয়ার হোসেন এবং ব্যবসায়ী মাহবুবুর রহমান।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং বার্ষিক পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডা. ফরিদুল আলমসহ অন্য অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী শেষে পিঠা উৎসবের আয়োজন সবাইকে মুগ্ধ করে।