
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই অংশ হিসেবে দুর্গম সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে বিজিবির পাঁচটি প্লাটুন মোতায়েন করা হয়েছে এবং নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাঘাইহাট ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গত ৩০ জানুয়ারি থেকে বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, “বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। আমরা ভোটারদের ভোটাধিকার সুরক্ষা ও ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”
ব্রিফিংয়ে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নে দুটি বেইজ ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নজরদারি ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হচ্ছে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও রায়ট কন্ট্রোল সামগ্রী।
নির্বাচনের দিন বিজিবি ‘মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অধিনায়ক আরও বলেন, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।